মুজিববর্ষে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে সম্মানিত অতিথি করা হবে। নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিষয়ে যারা বিরোধিতা করছেন, এটা তাদের ব্যাপার। স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে, সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবেশী, তারা আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী যোদ্ধা। সুতরাং আমরা অনেক দিন আগেই থেকেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি।
এদিকে, মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননাই জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষ।
