ব্রেকিং নিউজঃ

প্রয়াত আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী রিমান্ডে

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান এ আদেশ দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় মুফতি আলাউদ্দিন জিহাদীকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় আহলে সুন্নাত ওয়াত জামায়াতের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, এ মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে আজ সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেসবুক আইডি গত কয়েকদিন আগে হ্যাক হওয়ার পর তাঁর পেজ থেকে হ্যাকাররা আল্লামা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা পোস্ট করে। তিনি তাঁর আইডিটি উদ্ধার করার পর ওই পোস্টগুলো ডিলেট করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁ আইডি হ্যাক হওয়া বিষয়ে তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। কিন্তু পুলিশ সে ঘটনার তদন্ত না করে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তাঁকে যদি ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাবো। আর এর মধ্য দিয়ে দেশে যদি কোনো অরাজকতার সৃষ্টি হয় তাহলে আমরা দায়ী থাকবো না। এর জন্য দায়ী থাকবে সরকার।
এ মামলায় অপর আসামিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের মানিক (১৫), ফরিদপুরের আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লার আহসান উল্লাহ (১৮)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘কারো মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামের ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেওয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরো তদন্ত চলছে।’
এদিকে ‘মুফতি আলাউদ্দিন’ নামের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখা যায়, কটূক্তিকর স্ট্যাটাসটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেইজের একজন এডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930