ব্রেকিং নিউজঃ

বিএনপির আন্দোলনের গর্জন হয়, বর্ষণ হয় না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের শুধু হাঁকডাক আর তর্জন-গর্জনই শোনা যায়। এসব হাঁকডাকের বর্ষণ দেখা যায় না; ভবিষ্যতেও আর দেখা যাবে না।’ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাঁদের হাঁকডাক অনেক শুনেছে জনগণ। তাঁরা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে দেন।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিবছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করল, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে।’ বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তাঁরা প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ বলে জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ হয়ে পড়েছে। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতোই মনে করে দেশের মানুষ।’
আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না বলে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিবের মুখে এমন কথা শুনে জনগণ এখন হাসে। জনগণ এসব আর বিশ্বাস করে না।’
বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কাদের নিয়ে আন্দোলন করবেন? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।’
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930