ব্রেকিং নিউজঃ

বৈধতার সংকটে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করছে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বৈধতা সংকটের কারণে সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারছে না।

বরং জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে রাষ্ট্রীয় ক্ষমতাকে সংহত করার জন্য আপস-সমঝোতা ও নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

তিনি বলেন, নির্বাচনবিহীন সরকারের দুর্বলতার কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রশ্নে এমন সব বর্ণনা উত্থাপন করা হয় যা আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচারবহির্ভূত।

এতে রাষ্ট্রের আত্মমর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। বিপুল আত্মদানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের মর্যাদা বিপন্ন করার অধিকার জনগণ কাউকে দেয়নি।

শনিবার জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, করোনা ভয়াবহতা মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অক্ষমতা উন্মোচিত হয়ে রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশিত হয়ে পড়েছে।

সারাদেশে দুর্নীতি, নিপীড়ন ও অপশাসন যা সংঘটিত হচ্ছে তার সবকিছুতেই সরকারদলীয় লোক জড়িত। সুতরাং সরকার দুর্নীতি-অপশাসন দূর করার সক্ষমতা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, জেএসডি একমাত্র রাজনৈতিক দল যারা দেশের কাঠামোগত পরিবর্তনের জন্য শাসনতান্ত্রিক প্রস্তাবনা সম্বলিত ১০ দফা ও ১৪ দফা নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

সভায় দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার করোনাকালীন দলের রাজনীতি ও সাংগঠনিক বিষয় উপস্থাপন করেন এবং দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ভার্চুয়াল সভা পরিচালনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন তৌহিদ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আমিন উদ্দিন বিএসসি, মতিউর রহমান মতি, আমির উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভুঁইয়া, ব্যারিস্টার ফারাহ খান, সৈয়দ বিপ্লব আজাদ, সরোয়ার আজম আরজু ও লুৎফুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930