ব্রেকিং নিউজঃ

ঢাকার বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে মানববন্ধন

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা সচেতন ঢাকাবাসী’ নামে একটি সংগঠন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিটি করপোরেশন কয়েকদিনে নগর ভবন, ধানমন্ডি লেক ও রমনা লেক এলাকা থেকে নামকাওয়াস্তে কয়েকটি কুকুর অপসারণ করেছে। ঢাকা শহরে এখন কুকুরের যন্ত্রণায় বাসা থেকে বের হওয়া যায় না। মসজিদে নামাজ পড়তে যেতে সমস্যা হয়, বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে না।
সভ্য দেশের রাজধানীতে বেওয়ারিশ কুকুরের এরকম অবাধ বিচরণ মেনে নেওয়া যায় না উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব কুকুর অপসারণের দাবি জানান।
বক্তারা আরো বলেন, কেউ কেউ বেওয়ারিশ কুকুরের জন্য মায়াকান্না করছেন অথচ তারা চলেন দামি গাড়িতে। তারা চলেন জার্মান শেফার্ড নিয়ে। শুধু তাই নয়, তারা বলেন, প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী কুকুর অপসারণ বা স্থানান্তর করা অপরাধ। দয়া করে মানুষকে আর বোকা বানাবেন না, আইনের অপব্যাখ্যা দেবেন না। বেওয়ারিশ কুকুর স্থানান্তর বা অপসারণ সিটি করপোরেশনের এখতিয়ারভুক্ত কার্যক্রম। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর তৃতীয় তফসিল, পঞ্চম তফসিল ও সপ্তম তফসিলের মাধ্যমে সিটি করপোরেশনকে বেওয়ারিশ কুকুর অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই করপোরেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। না হলে জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলন করা হবে।
এদিকে গত বৃহস্পতিবার বেওয়ারিশ কুকুর অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। অভিনেত্রী জয়া আহসান এবং দুটি প্রাণী কল্যাণ সংগঠন- অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে জনস্বার্থে এ রিট করেন। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930