বিশ্বের তৃতীয় বৃহত্তম মজুদ মুদ্রা হতে যাচ্ছে চীনা ইউয়ান
ডলার আর ইউরোর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মজুদ মুদ্রা হতে যাচ্ছে চীনা ইউয়ান। করোনা মহামারিতে ক্রমাগত ডলারের দাম কমায় এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বৃহত্তম ব্যাংক মরগান স্ট্যানলি। খুব দ্রুতই বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রার অবস্থান হারাতে পারে ডলার।
গত ১ দশক ধরে বিশ্ব অর্থনীতিতে বেশ শক্তিশালী অবস্থানে আছে চীন। করোনা মহামারিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির অনেক দেশের প্রবৃদ্ধি যেখানে নেতিবাচক, সেখানে এপ্রিল থেকে জুনেই ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ। ২০১২ সাল থেকেই ধীরগতিতে মূল্যমান বাড়ছে ইউয়ানের। মহামারিতেও বাড়ছে এ মুদ্রার মান। এমন সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারী জিম রজার্স এক বিস্ফোরক মন্তব্যে দাবি করেছেন ডলারের স্থান দখল করছে অন্য কোন মুদ্রা।
এ সম্ভাবনা আরও প্রবল করেছে মার্কিন বৃহত্তম ব্যাংক মরগান স্ট্যানলি। স্ট্যানলির ভাষ্য, শিগগিরই ডলার এবং ইউরোর পর বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা হতে যাচ্ছে চীনা ইউয়ান। আগামী ১০ বছরে ইউয়ানের এ অবস্থান হবে বলে মনে করছে মরগান স্ট্যানলি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, খুব শিগগিরই বিদেশি মুদ্রা বিনিময়ে জাপানের ইয়েন এবং ব্রিটিশ পাউন্ডকে টেক্কা দেবে ইউয়ান। আশঙ্কা প্রকট হচ্ছে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নড়বড়ে অর্থনৈতিক অবস্থায়। ক্রমেই ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ ২৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০২০-২১ অর্থবছরে এ ঋণ দেশের অর্থনীতির আকারের চেয়েও বড় হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এমনই প্রেক্ষাপটে ক্রমেই কমছে ডলারের দাম।
এদিকে জার্মানির ডয়েচে ব্যাংকের পূর্বাভাস, করোনা মহামারির প্রকোপ এক সময় কমে গেলেও বিশ্ব অর্থনীতির ক্ষত সহজেই সেরে উঠবে না।
ডয়েচে ব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সুইং বলেছেন, মহামারির ক্ষত কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হবে বহু দিন। তার সতর্কবার্তা, আগামী বছরও স্বাভাবিক অবস্থায় ফিরবে না বিশ্ব অর্থনীতি। অর্থনীতির এই পুনর্গঠনও একেবারে হবে না, হবে ধাপে ধাপে।
