দেশব্যাপী ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন
দেশব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর ইউএনওদের সার্বক্ষণিক নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার জন্য শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে (ডিজি) চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়। চিঠি পাওয়ার পরপরই কয়েকটি বাদে সব উপজেলায় ইউএনওদের নিরাপত্তায় চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ ও পার্বত্য জেলার কয়েকটি উপজেলায় আনসার সদস্য মোতায়েন বাকি আছে।তবে শনিবারের (৫ সেপ্টেম্বর) মধ্যে ৪৯২ উপজেলায় আনসার মোতায়েন হবে।
আনসার মোতায়েনের তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাহেদ আলী (আনসার ও সীমান্ত) শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, ইউএনওদের নিরাপত্তায় চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরো বাড়ানো হবে। ইতোমধ্যে চার-পাঁচটি ছাড়া সব উপজেলায় আনসার মোতায়েন করা হয়েছে।
গত বুধবার রাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম। এ ঘটনার পর ইউএনওদের নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ইউএনওদের নিরাপত্তায় তাদের বাসায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
ওই দিন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা থেকে ব্যবস্থা নিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে (ডিজি) চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের পত্রে উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে বাস্তবতার নিরিখে প্রতি উপজেলায় ইউএনওদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক অঙ্গীভূত সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আনসার সদস্য মেতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।‘
চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন ও অর্থ বিভাগের সচিব ও সব বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
