ফিলিস্তিন দখল করলেও ইসরাইলের সাথে সম্পর্ক রাখবে আমিরাত
ফিলিস্তিনের পশ্চিমতীরকে দখল না করার প্রতিশ্রুতি যদি দখলদার ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নাও রাখে, অর্থাৎ ইসরাইল যদি পশ্চিমতীর দখল করে, তবু ইহুদীবাদী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আরব আমিরাতের এক কর্মকর্তা সেই কথা স্বীকারও করেছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামাল আল-মুশাররাখ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে পশ্চিমতীর একীভূত করার পরিকল্পনা স্থগিত করতে পেরেছে।
তবে তিনি বলেন, ভবিষ্যতে যা-ই ঘটুক না কেন, সম্পর্ক অব্যাহত থাকবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো দাবি করেন যে, আমরা আরব ঐকমত্যের সঙ্গেই থাকছি।
তারমতে, পশ্চিমতীর একীভূত করার পরিকল্পনা স্থগিত রাখতে আমরা ইসরাইলকে বাধ্য করেছি।
সর্বোচ্চ সমাধান, শেষ সমাধান হচ্ছে– ফিলিস্তিনিদের টিকে থাকার সমাধান।
ইসরাইলি দৈনিক হারিৎসকে দেয়া সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, ইসরাইল যদি পশ্চিমতীরকে একীভূত করে তা হলে কি আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাবে? জবাবে মুশাররাখ বলেন, নাহ, তা হবে না।
