পরীক্ষা তো হবে না, আমরা দেখছি কি করা যায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসা বাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানো হয়েছে। এ দফায় আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দফায় ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা না নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের পর নোয়াখালীতে এক সুবিধাভোগী ছাত্রের বক্তব্য শোনার পর তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যা কিছু করছি সব তোমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছে না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।
করোনা পরিস্থিতিতে চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে সরকার।
অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেয়া হবে কি হবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।
