করোনাক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। তার অবস্থা এখন সঙ্কটাপন্ন। ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
রোববার এ তথ্য জানিয়েছেন সাবেক ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারিনা সরোকা।
ইউলিয়া টিমোশেঙ্কো ইউক্রেনের পার্লামেন্টের সদস্য এবং দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান।
এছাড়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকারপ্রধানও তিনি। ২০১০ ও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৯ সালের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইউলিয়া টিমোশেঙ্কো।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত একদিনে দেশটিতে প্রায় দুই হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৫৮ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজারেরও বেশি মানুস। মারা গেছেন অন্তত ২ হাজার ২৭১ জন।
সূত্র: আনাদোলু এজেন্সি
