করোনাভাইরাসের হুমকি মোকাবিলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ইউরোপ, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে।এই ভাইরাসে বিশ্বব্যাপী ২৮’শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।তবে করোনাভাইরাসের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ৫৯ জন নাগরিকের দেহে করোনাভাইরাস চিহ্নিত করেছে। আক্রান্তদের অধিকাংশই জাপানে নোঙর করা প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’ থেকে ফিরেছেন।
মার্কিন নাগরিকদের করোনাভাইরাসে উদ্বেগ প্রকাশ না করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাসের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র খুব, খুব প্রস্তুত।’
এ সময় জাতীয় প্রতিক্রিয়ার দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স থাকবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে।এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার নতুন কের ইতালি, ইরান এবং দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড -১৯ এ আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ছাড়া ব্রাজিল, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, গ্রীস, রোমানিয়া এবং আলজেরিয়াতেও প্রথমবারের মতো এই রোগটি শণাক্ত করা হয়েছে।
মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।
