করোনা আক্রান্ত সাংসদ ফজলে করিমকে ঢাকার হাসপাতালে ভর্তি
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ দলীয় সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ দলীয় সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) ভর্তি করা হয়েছে।
বুধবার ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারাজ করিম চৌধুরী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, তাঁর বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ফারাজ করিম চৌধুরী বলেন, ‘করোনা ভয়াবহ কোনো রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে।
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশা আল্লাহ।’
এর আগে গত সোমবার করোনা পরীক্ষার পর রিপোর্টে ফজলে করিম করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক সুমন দে।
গত ২৭ জুন করোনায় আক্রান্ত হন ছেলে ফারাজ করিম চৌধুরী। পরে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন। এর দেড় মাসের মাথায় আক্রান্ত হলেন ফজলে করিম চৌধুরী।
