ব্রেকিং নিউজঃ

সাহেদের অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র আজ বুধবার আমলে নিয়েছেন আদালত।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২৭ আগস্ট এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এ অভিযোগপত্র আমলে নেন। পরে অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।

এ সময় আসামি সাহেদ আদালতে হাজির ছিলেন। সাহেদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

পরে সাহেদের আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের অনুমতি নিয়ে তিনি সাহেদের সঙ্গে কথা বলেছেন। সাহেদ তাঁকে জানিয়েছেন, এক মাসের বেশি রিমান্ডে থাকায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন আদালত।

গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার পর গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে অনুমতি নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাহেদকে সঙ্গে নিয়ে গত ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে। সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ৫০টির বেশি মামলা রয়েছে। বেশির ভাগই প্রতারণার অভিযোগে করা মামলা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31