দীর্ঘ ৫ মাস পর ব্যাট নিয়ে মাঠে নামলেন তামিম
অবশেষে মাঠে নামলেন তামিম ইকবাল। মুশফিকুর রহীম প্র্যাকটিস করছেন ঈদের আগে থেকেই। সাথে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়ও ছিলেন। আর ছুটির ঈদের পর যোগ হয়েছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও ব্যাট প্যাড নিয়ে নেমে পড়লেন মাঠে। আজ রোববার (১৬ আগস্ট) থেকে দেশের সাতটি ভেন্যুতে শুরু হওয়া তৃতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলনে প্রথমবারের মত যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তিনি অনুশীলন শুরু করেন শেরে-বাংলা স্টেডিয়ামে।
এদিকে গতকাল শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানান, স্বাস্থ্যবিধি মেনে কড়া প্রোটোকলের ব্যক্তিগত অনুশীলনে তামিম-মুস্তাফিজের সাথে প্রথমবারের মত যোগ দিবেন আফিফ হোসেন। মিরপুরে আগ থেকেই অনুশীলন করছেন- মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, মাহমুদুল্লাহ রিয়াদ, মোমিনুল হক, আনামুল হক বিজয় ও নারী ক্রিকেটার শারমিন সুলতানা, শারমিন সুপ্তা ও আরও অন্যান্যরা অনুশীলন শুরু করেছেন।
