মিরপুরের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি
রাজধানীর মিরপুর বিভাগের ডিসি, এডিসি, পল্লবী থানার ওসিসহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ১০ দিনের মাথায় এই বদলি করা হলো। তবে পুলিশের ভাষ্য, এটি তাদের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব কর্মকর্তাদের বদলি করা হয়।
এদের মধ্যে ডিসি মোস্তাক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ-পুলিশ কমিশনার (সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি) বদলি করা হয়েছে, এডিসি মো. মিজানুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগে, এডিসি ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে। পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদকে লালবাগ গোয়েন্দা বিভাগে এবং পরিদর্শক (অপারেশন্স) মো. এমরানুল ইসলামকে ওয়ারী গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে অস্ত্রসহ ওই তিনজনকে পল্লবী থানা এলাকার একটি কবরস্থান থেকে আটক করে পুলিশ। পরে পল্লবী থানায় নেয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রে লুকানো বোমায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় থানার দোতলার জানালার কাচ ভেঙে যায়।
এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। বিস্ফোরণে আহতরা হলেন, পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই সঞ্জীব, এএসআই অঙ্কুশ ও তাজ এবং রিয়াজ নামের একজন।
