ব্রেকিং নিউজঃ

সংসদে থেকে বিএনপির এমপি হারুনের ব্যতিক্রমী ওয়াকআউট

সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নাম সংসদে উচ্চারণ করায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রতিবাদ করলে ওয়াকআউট করেন হারুন।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে হারুন অর রশিদকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য ১২ মিনিট সময় দেওয়া হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে হারুনর রশিদ চলমান করোনা পরিস্থিতিতে দেশের উন্নয়নের কথা চিন্তা করে মানুষ বাঁচানোর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রস্তাব করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলটির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি করেন। সংসদে তারেক রহমানের প্রসঙ্গ ওঠায় সরকারি দলের সংসদ সদস্যরা সবাই তার প্রতিবাদ করেন। সংসদে হইচই করেন। এরই মধ্যে হারুনর রশিদের নির্ধারিত ১২ মিনিট শেষ হয়ে যায়।

তবে তিনি না বসে বক্তব্য অব্যাহত রাখেন এবং সময় বাড়িয়ে দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেন। যদিও সংসদের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার সময় বাড়িয়ে দেননি। এর প্রতিবাদ করে হারুনর রশিদ সংসদ কক্ষ ত্যাগ করতে উদ্যত হলে ডেপুটি স্পিকার তাকে অনুরোধ করে বসতে বলেন এবং তার কথা শুনতে অনুরোধ করেন।

এ পর্যায়ে হারুন তার চেয়ারে বসলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, আপনি জাতীয় ঐক্যের কথা বলেছেন এটি সুন্দর প্রস্তাব। কিন্তু আপনি এমন দু’জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যাদের কথা আমি সংসদের এই চেয়ারে বসে উচ্চারণ করতে চাই না। একটি নির্বাচিত সরকার কোনো কনভিক্টেড (দণ্ডিত) ব্যক্তির সঙ্গে ঐক্য করতে পারে না।

এসময় ডেপুটি স্পিকার বিএনপি’র এই এমপি কিছু অসংসদীয় কথা তার বক্তব্যে বলেছেন উল্লেখ করে সংসদে প্রতিদিন থেকে তা বাদ দেওয়ার ঘোষণা দেন। স্পিকারের বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ নেতা শেখ হাসিনার পরামর্শে বিএনপির এমপি হারুনকে বাজেটের ওপর আর এক মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হয়। এ সময় হারুন ফ্লোর নিয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আপনি সময় বাড়িয়ে দেননি। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পর আপনি এক মিনিট সময় বাড়িয়েছেন। আমি আর বক্তব্য দেব না। আপনি আমার বক্তব্যে ইন্টারাপ্ট করেছেন। এর প্রতিবাদে আমি সংসদ থেকে ওয়াকআউট করছি। এর সঙ্গে সঙ্গেই হারুন কক্ষ ত্যাগ করেন।

বিএনপির সংসদ সদস্য ওয়াকআউট করে চলে যাওয়ার পরপরই ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া হাউসকে উদ্দেশ করে বলেন, উনার (হারুনের) প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। সংসদে কোনো সদস্য অসংসদীয় বক্তব্য দিলে আমি অবশ্যই তা ইন্টারাপ্ট করব। এটা সরকারি দলের কেউ দিলেও করবো বিরোধী দলের কেউ দিলেও করবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930