আওয়ামী লীগের উদ্যোগগুলো খুবই ভালো: রাঙ্গা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় রংপুরের গংগাচড়া উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব আলহাজ মসিউর রহমান রাঙ্গা এমপি।
রোববার সকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় আমার উপজেলায় একটি মসজিদের ভিত্তিপ্রস্তর দিতে পেরে আমি আনন্দিত।
এই মসজিদের ইমামসহ সকলকে সরকারিভাবে বেতন দেয়া হবে। আমরা বিরোধী দল কিন্তু আওয়ামী লীগের এই মহান উদ্যোগগুলো খুবই ভালো। বর্তমান সরকার জনবান্ধব সরকার। কারণ বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা কখনও ভোলার মতো নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মোঃ খতিবর রহমান, মসজিদের সভাপতি আব্দুল হাকিম, জাপা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল ইসলাম মিলন রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির। মসজিদের ভিত্তিপ্রস্তর শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
