লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ: জি এম কাদের
সরকারি ছুটি না বাড়িয়ে অঘোষিত লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে এ সন্তোষ জানান তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ করে আসছিল। আমরা সব সময়ই বলেছি, জীবনের সাথে জীবিকার কথাও ভাবতে হবে।
হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের ছুটি না বাড়ানোর প্রজ্ঞাপন সময়ের দাবি।
বিবৃতিতে সরকারি ছুটি না বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক অভিহিত করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জি এম কাদের।
