ব্রেকিং নিউজঃ

শ্যামলীর হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালকে ঘিরে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। এ ঘটনায় আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শ্যামলী ৩ নম্বর সড়কে বাদীর বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলে। দরজা খুললে তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দিতে চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। পরে আরও লোক জড়ো করে তারা প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে অবস্থান নেয়।

সেখানে উচ্চস্বরে স্লোগান, গালাগালি এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। এমনকি হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ করে হুমকিমূলক স্লোগানও দেওয়া হয়।

বাদীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দিলে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আক্কাস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

এদিকে, ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় নেতারাও হাসপাতালে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930