ব্রেকিং নিউজঃ

শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

রোববার, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় এক স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন।

গত ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে মারা যান শাহ আলম।

তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং জামায়াতের সমর্থক হিসেবে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্মরণসভায় শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি।

আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। কৃষক শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন।

তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি।”

শিশু ও শ্রমজীবী মানুষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল নিষ্পাপ শিশু।

আরেকদল দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।”

শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।”

এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান। স্মরণসভা শেষে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান।

ওই সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম নিহত হন। কয়েকদিন পর ৮ ফেব্রুয়ারি আরেক সমাবেশে যাওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং অ্যাডভোকেট রোকন রেজা শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930