ব্রেকিং নিউজঃ

সরকারের পদত্যাগ দাবি ৩১ সংগঠনের

তেল, গ্যাস, খনিজসম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং কারফিউ প্রত্যাহার করে সব ধরনের নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে।

আর এগুলো করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে।

শুধু পদত্যাগ করলেই হবে না, মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও তেমনই জনগণের হাতে নিয়ে আসতে হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩১টি সাংস্কৃতিক সংগঠন আয়োজিত জাতীয় শহিদ মিনার অভিমুখে পদযাত্রার প্রাক্কালে ‘রক্তের দাগ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক’ শীর্ষক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ছাত্রদের আন্দোলনকে ঘিরে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। তাদের ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক অবলম্বন করতে হবে।

তিনি বলেন, আমরা একটি ভয়ংকর সময় পার করছি এবং একই সময়ে আমরা একটি সৃষ্টিশীল সময় পার করছি।

আমরা ভয়ংকর দমন-পীড়ন দেখছি। আবার অসাধারণ প্রতিরোধও দেখছি। আমরা দেখতে পাচ্ছি, ৩ থেকে ৭০ বছর পর্যন্ত নারী-পুরুষ, শ্রমজীবী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষকের ওপর আক্রমণ আসছে।

ভূমি ও আকাশ থেকে আক্রমণ আসছে। এই কয়দিনে ৩শর কাছাকাছি মানুষ নিহত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে। বাংলাদেশে এরকম রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ! আমরা অনেক গণ-আন্দোলন দেখেছি, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই বহুদিন থেকে করতে হয়েছে।

গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। গণ-অভ্যুত্থান আমরা অনেক দেখেছি। কিন্তু মাত্র কয়দিনে এত প্রাণহানি বাংলাদেশ কখনো দেখেনি।

তিনি বলেন, সারা দেশের মানুষ এখন মুক্ত হওয়ার জন্য লড়াই করছে। এই লড়াই এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংহতি বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে।

মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের ওপর আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি-লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে, আর কোনো সরকার এত ক্ষতি করতে পারেনি। সেই মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসাবে ব্যবহার করে লুটপাট করছে বলে অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছে।

সেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করে দেশের সম্পদ লুট হবে, দেশের মানুষের ওপর হত্যাকাণ্ড চলবে, জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে-সেটা আমরা কখনো মেনে নিতে পারি না।

তিনি বলেন, এই সরকারের কাছে আমাদের চাওয়াপাওয়ার কিছু নেই। তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে।

সেই বিচার করতে হবে। আজ যারা বিভিন্নভাবে আহত ও নিহত রয়েছে, তাদের প্রতি আমাদের দায়- এ দেশকে মুক্ত করতে হবে। সেই মুক্ত স্বাধীন বাংলাদেশের লড়াইয়ে ঐক্যবদ্ধ থেকে সব চক্রান্তকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরের পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন।

এ সময় বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করে ছাত্র-জনতা হত্যার বিচার চাওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদযাত্রায় যোগ দেন।

পদযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহাবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে জাতীয় শহিদ মিনারে শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31