ব্রেকিং নিউজঃ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশনে অগ্রাধিকার দিতে হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে।

তিনি দেশীয় জ্বালানির উৎপাদন ও অনুসন্ধান বাড়াতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের মে ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, তেল পরিবহণের জন্য পাইপলাইন হচ্ছে আরও হবে। এগুলোর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। দেশে বিদ্যমান প্রায় ২২০০ পেট্রল পাম্প নিয়মিত পরিদর্শন করা হয় না।

ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। তেলের অপচয় ও নিরাপদ পরিবহণ নিশ্চিত করতে তেল পরিবহণের যানবাহনগুলোকে নিয়মিত অডিট করা উচিত।

তেল ও গ্যাস অনুসন্ধান কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকলেও আরও দ্রুততার সঙ্গে বেশি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা উচিত। প্রয়োজনে আরও রিগ ক্রয় বা ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

মে ২০২৪ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এডিপি বাস্তবায়নের হার ছিল ৯২.৪৫ শতাংশ, আর জাতীয় অগ্রগতি ৫৭.৫৪%।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম সভায় জানান, বিগত দুই বছরের ন্যায় এ বছরও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শতভাগের বেশি এডিপি বাস্তবায়ন করবে।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন করায় এ বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি কাজেরই সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নিতে হবে। প্রয়োজনে ওভার ল্যাপিং করে কাজ করলে দ্রুততার সঙ্গে সাফল্য পাওয়া যাবে।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর সংস্থা ও কোম্পানির প্রধানরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930