গাজীপুর ও মুন্সীগঞ্জে ৯ ডাকাত গ্রেফতার
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন খুলনার রূপসা রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী, ফরিদপুরের ভাঙ্গার শহিদুল ইসলাম ওরফে শহীদ, পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহেল রানা, খুলনার লবণচড়ার কাউসার ইসলাম, বাপ্পি শেখ, হিরো হাওলাদার।
কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, গ্রেফতার ডাকাত সদস্য রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজির বিরুদ্ধে ইতোপূর্বে ১৯টি মামলা, শহিদুল ইসলাম ওরফে শহীদের বিরুদ্ধে ১০টি মামলা, সোহেল রানার বিরুদ্ধে ১০টি মামলা, কাউসার ইসলাম ওরফে আলি ওরফে বীরু আলী ওরফে আলী ভাইয়ের বিরুদ্ধে দুটিসহ গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৪টি মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর ওপর ৮ ডিসেম্বর ২০২৩-এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গজারিয়া থানায় মামলা করেন প্রবাসী উসমান। ওই মামলায় তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২৫ জুন ২০২৪-এ ডাকাত শরীফ সরকারকে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ কাঁচপুর এলাকা থেকে আটক করে পুলিশ।
পরবর্তীতে ডাকাত শরীফ সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দখলে থাকা ডাকাতির ঘটনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি হেলমেট, একটি চাকু, একটি চাপাতি এবং লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, একটি আইফোন এবং একটি সিম্ফনি ফোন উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতারের করতে সক্ষম হয় পুলিশ। বুধবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকালে একটি প্রেস ব্রিফিং জানানো হয়।
