ব্রেকিং নিউজঃ

ঈদের ছুটি বাতিল করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষ্যে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের। সব সদস্যকে মাঠপর্যায়ে আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ নিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান।

তিনি বলেছেন, মালিকরা যদি শ্রমিকদের বেতন এবং ভাতা যথাসময়ে পরিশোধ করেন তাহলে শিল্প সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

মহাসড়কগুলো নিরাপদ থাকবে। যেসব শিল্প-কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস ও পাওনাদি যথাসময়ে পরিশোধ না করে প্রবাসে থাকেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও পবিত্র ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং বেপজা, কলকারখানা অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিজিএমইএ সহসভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতো কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করলে সুফল পাওয়া যাবে। সংগঠনভুক্ত কোনো কারখানা যথাসময়ে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে বিজিএমইএ কঠোর পদক্ষেপ নেবে।

সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ৭ দিন আগে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম ও হটলাইন সচল থাকবে (০১৩২০-১৭০০৯৮)।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব ইউনিটের পুলিশ সুপার ও গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড ও কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031