ব্রেকিং নিউজঃ

গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া পৃথক তিনটি হামলায় গাজায় আরও ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার রয়টার্স এবং আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ গাজার রাফাতে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া উপকূলীয় এই ভূখণ্ডের আরও বেশ কয়েকটি এলাকায় লড়াই চলছে।

গাজা উপত্যকা এবং মিসরের মধ্যে নিকটবর্তী সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানানোর একদিন পর ইসরাইল রাফাতে এই আক্রমণ চালায়।

রাফা শহরের কেন্দ্রস্থলে বেসামরিক এক ব্যক্তির লাশ উদ্ধারের চেষ্টা করার সময় ইসরাইল এই বিমান হামলা চালায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে। ইসরাইলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনির সকলেই বেসামরিক নাগরিক।

ইসরাইল দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর দিয়েছে কিন্তু রাফাতে প্রাণঘাতী হামলা চালানোর বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত এবং আরও ৮২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031