সৌদি পৌঁছেছেন ৪১ হাজারের বেশি হজযাত্রী, এখনো ভিসা হয়নি ৬১২ জনের
পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৪৬২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের ঢাকা হজ অফিসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ বিমান, সৌদি এয়ালাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সসহ তিন বিমান সংস্থার মোট ১০৪টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি পৌঁছেছেন।
শুক্রবার ৬টি বিমানে মোট ২ হাজার ৫০৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন। এ ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৭৩টি ভিসা ইস্যু করা হয়েছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ ৮৫ হাজার ১৮৫ জনের হজে যাওয়ার কথা রয়েছে।
সে অনুযায়ী ৬১২ জনের এখনো ভিসা হয়নি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৪ জন আর বেসরকারিভাবে ৫৯৮ জনের ভিসা বাকি রয়েছে। এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৩২৩ জন।
আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। ১০ জুন পর্যন্ত হজের ফ্লাইট পরিচালনা করা হবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।
