ব্রেকিং নিউজঃ

আন্দোলন রাজনৈতিক দলের অধিকার, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আন্দোলন করতে পারবে। এটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে আদালত বসানোর যে অভিযোগ করেছেন- তার জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি ওনাকে (মির্জা ফখরুল) ভালো জানতাম। অনেক কথাই মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন তিনি।’

পরে মন্ত্রী উপজেলা চত্বরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। দুপুরে আখাউড়া পৌর আওয়ামী লীগের একটি বিশেষ বর্ধিত সভায় অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, মো. সেলিম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

এর আগে মন্ত্রী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। বিকালে কসবা উপজেলার কুটি-শিমরাইল সড়কের রাস্তা মেরামতকাজের উদ্বোধন উপলক্ষে মেহারী ও কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী আনিসুল হক।

এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ।

নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেই নির্বাচন যদি কেউ ব্যাহত করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে বুড়ো আঙুল দিয়ে বসে থাকবে না। জনগণ কিন্তু চোখে চশমা লাগিয়ে দেখবে না। বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের জনগণ সঠিকভাবে জবাব দেবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সংসদ নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। আমরা তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেব না।

আনিসুল হক বলেন, এ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশ হয়েছে, এটা বিএনপির সহ্য হচ্ছে না। যেহেতু ওনাদের (বিএনপি) বাবাদের দেশ পাকিস্তান। পাকিস্তানে অর্থনৈতিক অবস্থান খারাপ আছে অথচ বাংলাদেশ ভালো হয়ে যাচ্ছে- এটা তাদের সহ্য হচ্ছে না, বিএনপি সহ্য থাকতে পারে না।

আইনমন্ত্রী বলেন, আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ। আমরা একাত্তরে মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছি, আমরা বাংলাদেশের জনগণ। আমরা এ দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।

সামনের দিনগুলোতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ওনারা (বিএনপি) আন্দোলনের ডাক দিয়েছেন ‘২৮ অক্টোবর’ নাকি তেলেসমাতি দেখাবেন।

বিএনপির আন্দোলনের হুমকি উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমরা পাকিস্তান আর্মির তেলেসমাতি দেখেছি। আর কী দেখব।

বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি। আপনারা ঘরে ঘরে যাবেন।

নৌকার পক্ষে ভোট চাইবেন। শেখ হাসিনার পক্ষে ভোট চাইবেন। আমিও আপনাদের সঙ্গে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করব।

কে নির্বাচনে এলো বা না এলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো- জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে যায়। সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে তিনি নিজের জন্য উপস্থিত জনগণসহ সবার কাছে ভোট ভিক্ষা চেয়েছেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল বর্ধিত সভার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930