পণ্যের মূল্য প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যথাযথ প্রদর্শন না করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
শনিবার ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন বিডিআর মার্কেট কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল।
এ সময় চাল, ডাল, আটা, পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ভোজ্য-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যথাযথ প্রদর্শন না করার অপরাধে রাজন মাংস বিতান, মিম জেনারেল স্টোর, আমিন এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এ সকল পণ্য বিক্রয় না করা, রমজানকে কেন্দ্র করে অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় কাফরুল, বিডিআর মার্কেট সংলগ্ন, মিরপুর-১০ এবং পল্লবী থানা সংলগ্ন টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকি করা হয়। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন।
