দুই প্রকল্পে ২০ কোটি ২৪ লাখ ইউরো দিচ্ছে জার্মানি
বাংলাদেশের টেকসই উন্নয়নসহ দুই প্রকল্পের জন্য জার্মানি ২০ কোটি ২৪ লাখ ২২ হাজার ইউরো দিচ্ছে। টেকসই উন্নয়ন প্রকল্পে দিচ্ছে ১৯ কোটি ১০ লাখ ইউরো। আর বিচার ও আইনি সংস্কারে প্রবেশাধিকার শক্তিশালীকরণ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতায় ১ কোটি ২৪ রাখ ২২ হাজার ইউরো দিচ্ছে।
রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত দু’টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সস্মেলন কক্ষে গতকাল বাংলাদেশে সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান এবং চার্জ ডি অ্যাফেয়ার্স এআই ফেডারেল রিপাবলিক অব জার্মানি জান জানোস্কি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন অর্থাৎ কারিগরি সহযোগিতার জন্য জিআইজেড এবং আর্থিক সহযোগিতার জন্য কেএফডব্লিউ-এর প্রধান বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বর্তমানে ২৩টি প্রকল্পের অর্থায়ন করছে (ঋণ এবং অনুদান) জার্মান সরকার। যার মোট অবদানের পরিমাণ ৪৫ কোটি ২৫ লাখ ইউরো ঋণ এবং ১৬ কোটি ১০ লাখ ৫৪ হাজার অনুদান।
ইআরডি থেকে জানানো হয়, টেকসই উন্নয়নের চুক্তিগুলোর ১৯ কোটি ১০ লাখ ইউরোর মধ্যে সাড়ে ৫ কোটি ইউরো কারিগরি সহযোগিতা (টিসি) এবং ১৩ কোটি ৬০ লাখ ইউরো আর্থিক সহযোগিতা (এফসি) হিসাবে পাওয়া যাবে। প্রকল্পগুলো সবুজ এবং জাস্ট এনার্জি ট্রানজিশন, টেকসই নগর উন্নয়ন, টেকসই সরবরাহ শৃঙ্খল, জীববৈচিত্র্য এবং নারীর ক্ষমতায়নের পাশাপাশি কক্সবাজারে হোস্ট এবং বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য সহায়তার উপর ফোকাস করে।
আর কারিগরি সহযোগিতা চুক্তির অধীনে প্রকল্পগুলো হলো, ৪০ লাখ ইউরো পর্যন্ত শক্তি দক্ষতা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচারের জন্য নীতি পরামর্শ, পুনর্নবীকরণযোগ্য শক্তির শক্তি দক্ষতা এবং গ্রিড ইন্টিগ্রেশন ২০ লাখ ইউরো, উন্নত বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং মহিলা টেক্সটাইল শ্রমিকদের জন্য কর্মসংস্থানের প্রচার ৫০ লাখ ইউরো, টেকসই উন্নয়নের জন্য শক্তি দক্ষতা ৭০ লাখ ইউরো, শিল্প ও পরিবেশগত নিরাপত্তায় পেশাগত শিক্ষা ৭০ লাখ ইউরো, জলবায়ু-স্মার্ট আরবান ডেভেলপমেন্টের জন্য উদ্ভাবন ৭০ লাখ ইউরো, টেক্সটাইল এবং চামড়া খাতে টেকসইয়ের জন্য প্রোগ্রাম ৫০ লাখ ইউরো, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ ৫০ লাখ ইউরো, আর ৩০ লাখ ইউরো জাতীয় জলবায়ু অভিযোজন লক্ষ্যগুলোর স্থানীয়করণে সহায়তা করা, কক্সবাজারে স্বাগতিক ও বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য আর্থ-সামাজিক সহায়তায় ৫০ লাখ ইউরো এবং ডিজিটাল প্রযুক্তি, নাগরিক বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে সুরক্ষিত এলাকার জাতীয় নেটওয়ার্ককে শক্তিশালী করা, নারী ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং আন্ত:বিভাগীয় সহযোগিতা বৃদ্ধি করা, ৫০ লাখ ইউরো কারিগরি সহযোগিতা চুক্তির অধীনে পাবে।
আর বিচার ও আইনি সংস্কারে প্রবেশাধিকার শক্তিশালীকরণ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা স্বাক্ষরিত হয়েছে। এতে ১ কোটি ২৪ লাখ ২২ হাজার ইউরো দিচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের আরো বেশি মানুষ বিশেষ করে দরিদ্র, মহিলা এবং শিশুদের জবাবদিহিমূলক, দক্ষ এবং কার্যকর বিচার পরিষেবা পেতে সক্ষম করার জন্য বিচার খাত দ্বারা নতুন সংস্কার পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
