আগামী মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ আগামী মঙ্গলবার ঢাকায় শুরু হবে। এতে ইন্দো-প্যাসেফিক ইস্যু, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হবে।
আজ মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের স্বার্থ অভিন্ন।
এ অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দুই দেশের দৃষ্টিভঙ্গি একই। এই লক্ষ্যগুলো অর্জনে সারা বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সংলাপ আয়োজিত হয়।
ঢাকায় অনুষ্ঠেয় নবম নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। এটি একটি বার্ষিক ও বেসামরিক আয়োজন, যেখানে নিরাপত্তা সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করা হবে।
দূতাবাস জানায়, গত ২৩ এবং ২৪ আগস্ট ঢাকায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা সংলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সামরিক সম্পর্কের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়, যেমন সামরিক শিক্ষা, শান্তিরক্ষা এবং দুর্যোগে সাড়াপ্রদান বিষয়ক অনুশীলন এবং সফর বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করেছেন।
