আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি
যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রোববার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়। অগ্নিসন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, দেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ এর আগে তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে।
