সেনাবাহিনীর উচ্চপদস্থদের পদত্যাগ আটকে দিচ্ছে রাশিয়া
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। এ পরিস্থিতিতে উচ্চপদস্থ কর্মকর্তারা চাইলেই অবসর নিতে কিংবা পদত্যাগ করতে পারছেন না।
ক্রেমলিন জানিয়েছে, কেউ এ ধরনের পদক্ষেপ নিলে সেটি বিশ্বাসঘাতকতা বলে বিবেচিত হবে। রুশ ভাষার সংবাদপত্র ভেজনিয়ে আইএস্তোরির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউজউইক।
খবরে বলা হয়, ইউক্রেনে হামলার পর থেকে এ পর্র্যন্ত সেনাবাহিনীর অন্তত দুজন গভর্নর পদত্যাগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের নিরস্ত্র করা হয় এবং ফৌজদারি মামলার হুমকি দেওয়া হয়।
ক্রেমলিন জানায়, যুদ্ধ চলাকালে এ ধরনের পদত্যাগ করলে বিষয়টি অনেককে প্রভাবিত করতে পারে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। ফলে এ সময়ে উচ্চপদস্থ কারও পদত্যাগের অনুমোদন দেওয়া হচ্ছে না।
সেনা কর্মকর্তারা অভিযোগ করছেন, কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারপরও তারা চাকরি ছাড়তে পারছেন না। তাদের চাকরি ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
ইউক্রেনের সঙ্গে সংঘাত আরও কঠিন হওয়ার আশঙ্কায় অনেকেই চাকরির মায়া ছাড়ছেন। এমনকি অনেকে নির্বিঘ্নে চলে যাওয়ার জন্য ভালো পরিমাণে অর্থ দিতেও রাজি আছেন। কিন্তু তারপরও তারা বের হতে পারছেন না।
এদিকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে ব্রিটেন ও নেদারল্যান্ডস। ইউক্রেনকে প্রয়োজনীয় যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি ‘আন্তর্জাতিক জোট’ গড়ে তুলতেও একমত হয়েছে দেশ দুটি।
বুধবার সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সামিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি র্আন্তর্জাতিক জোট গড়ে তুলতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রুট্টের সঙ্গে কাজ করবেন সুনাক। প্রশিক্ষণ থেকে শুরু করে ‘এফ-১৬’ বিমান কেনা পর্র্যন্ত করণীয় সবকিছুই করা হবে।
রাশিয়ার আগ্রাসন বন্ধে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের চাওয়া ছিল উন্নত যুদ্ধবিমান। এরই অংশ হিসাবেই জোট গড়ে তোলার পক্ষে সম্মত হয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী।
