সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলছে হজ প্রশিক্ষণ
চলতি মৌসুমে সৌদি আরবে হজপালনের নিয়ম কানুন সর্ম্পকে অবহিত করতে শুরু হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা। সরকারিও বেসরকারি হজ ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগে হজযাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘ঢাকা মহানগর পর্ব ’ হজযাত্রীদের প্রশিক্ষণ ৮ থেকে ১৫ মে পর্যন্ত চলবে। এছাড়া পর্যায়ক্রমিকভাবে ঢাকার বাহিরে প্রতিটি জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এবার বেসরকারিভাবে প্রশিক্ষণ পাবে ১ লাখ ১০ হাজার ৪১৭জন। সরকারিভাবে প্রশিক্ষণ পাবে ১০ হাজার ৭৪জন হজযাত্রী। তবে সরকারি ও বেসরকারি এবং জেলা প্রশাসকের সহযোগিতায় সারা দেশে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, হজের সার্বিক দিকনির্দেশনার প্রদানের জন্য আমরা হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। যারা এর আগে হজ বা ওমরা পালন করেননি তারা সৌদিআরবের নিয়ম কানুন সর্ম্পকে জানেন না। তাই হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ সব বিষয়ে হজযাত্রীদের ধারণা দেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হবে বলে জানান তিনি।
এদিকে গত ৩০ এপ্রিল (রোববার) থেকে শুরু হয়েছে সরকারিভাবে হজযাত্রীদের প্রশিক্ষণ। হজযাত্রীদের প্রশিক্ষণের সময় ও তারিখ জানিয়ে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুধুমাত্র ঢাকা জেলায় নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ অফিসে শুরু হয়েছে। এতে আরো বলা হয় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় তালিকাভুক্ত হজযাত্রীদের নামসহ দিয়ে দেয়া হয়। ঢাকার বাইরে জেলা পর্যায়েও চলবে এ প্রশিক্ষণ বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। হজের নিবন্ধন করেছে মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।
