প্রধানমন্ত্রী দেশের উচ্চতা বাড়াতে বিদেশ সফরে: ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান বিদেশ সফর বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করতে (বিদেশে) যাননি। তিনি গিয়েছেন দেশের উচ্চতা আরও বাড়াতে। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে।
মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আগামী বাজেটে সহায়তার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন ও বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে যারা কষ্ট পাচ্ছেন, তাদের কষ্ট কমাতে বিদেশে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর এই সফরের বিরুদ্ধে, তাদের এখন কিছুই ভালো লাগে না।
তারা হিংসার আগুনে জ্বলছেন। বিএনপির আন্দোলন ঝিমিয়ে পড়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনৈতিক পরাজয় হয়ে গেছে।
এবার নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। মানুষ শান্তিতে থাকলে বিএনপির মন খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি।
পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে, নির্বাচনে আসবে না।
কিন্তু প্রতিটি সিটি করপোরেশনেই স্বতন্ত্রের নামে বিএনপির ‘ঘোমটা পরা’ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বি^তা করছেন। শত সংকটেও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শ্রমিক লীগের ঐক্যে যাতে চিড় না ধরে, ফাটল না ধরে।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, হুমকি-ধমকি ছাড়েন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, দেশ এগিয়ে যাক, এটা তারা (বিএনপি-জামায়াত) সহ্য করতে পারে না।
বাংলাদেশকে বিদেশিদের কাছে হেয় করা, খাটো করা; বাংলাদেশের মানুষকে অসম্মান করাই বিএনপির একমাত্র রাজনৈতিক ব্রত।
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, শ্রমিক-পেশাজীবীদের মায়ের মমতায় আলিঙ্গন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
তিনি সব ধরনের শ্রমিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করার এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক লীগ সভাপতি নূর কুতুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম আযম খসরুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
