বাল্টিক সাগরে ৩ রুশ জঙ্গিবিমান তাড়ানোর দাবি জার্মানির
বাল্টিক সাগরে তিন রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেওয়ার দাবি করেছে জার্মানির বিমানবাহিনী। এর মধ্যে দুটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান এবং একটি ইলিউশিন ইল-২০ যুদ্ধবিমান।
বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় ট্রান্সপন্ডার সংকেত ছাড়া উড়ে যাওয়া ওই তিনটি রুশ জঙ্গিবিমানের গতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে জার্মানির বিমানবাহিনী।
টুইটারে জার্মান বিমানবাহিনী লিখেছে, দুটি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন ইল-২০ বিমান শনাক্ত করতে জার্মানি ও যুক্তরাজ্য ইউরো জঙ্গিবিমান পাঠিয়েছে।
মাঝ আকাশে থাকা রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও টুইটারে প্রকাশ করেছে জার্মান বিমানবাহিনী। খবর রয়টার্সের।
রুশ জঙ্গিবিমান নিয়মিত রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে যাওয়া-আসা করে। ফলে বাল্টিক সাগরে এমন ঘটনা অনেকটা নিয়মিতই ঘটে।
জার্মানি চলতি মাসের শুরুতে ন্যাটোর হয়ে বাল্টিক সাগরের আকাশসীমায় নজরদারির দায়িত্ব যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে।
ন্যাটো মিত্রদেশগুলো ওই এলাকার আকাশসীমা সুরক্ষিত রাখতে চায়। কারণ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধবিমান নেই।
