উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় একমত তিন দেশ
দিন দিন বেড়ে চলা উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরালো করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।
সম্প্রতি উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।
উত্তর কোরিয়া ইস্যুতে গেলো শুক্রবার এক বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা।
এতে উত্তর কোরিয়া পরমাণু হুমকি মোকাবেলা নিয়ে আলোচনা করেন তারা।
ঐ অঞ্চলের অস্থিরতা কমাতে এ ধরনের পরীক্ষা বন্ধ করতে পিয়ংইয়ং-এর প্রতি আহবান জানিয়েছেন তিন দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা।
সেই সাথে, নিরাপত্তা পরিষদের নীতিমালা ভঙ্গ করে মিসাইল পরীক্ষা চালানোর তীব্র নিন্দা জানান তারা।
এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।
পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় আবারো ফিরে আসতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানান তারা।
