দেশে নতুন করে করোনায় শনাক্ত ২৬৬, মৃত্যু ১৫ জন
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৫ জন, শনাক্ত হয়েছেন ২৬৬ জন। আরোগ্য লাভ করেছে ৯ জন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৪১ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন শনাক্ত হয় ২১৯, মৃত্যু হয় ৪ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮৩৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৭৫ জনের। সুস্থ হয়ে উঠেছে ৫৮ জন।
