ব্রেকিং নিউজঃ

জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

চলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ৪১০ জন হজযাত্রী নিয়ে রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে এসে পৌঁছেছে। এসময় সৌদি ও বাংলাদেশের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিমান বন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার প্রফেসর আব্দুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিষ্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এর প্রেসিডেন্ট আবদুল আজির বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরাহর জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমান বন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসময় বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে সাদর অভ্যর্থনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের অন্যান্য কর্মকর্তাগণ।

আগত হজ যাত্রীদেরকে বিমান বন্দরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসময় হজযাত্রীদের চকলেট, জুস, পানি পরিবেশন করা হয়। বাংলাদেশি হজ যাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আগত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ৪১০ জন যাত্রী নিয়ে পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930