আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গায় দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের একটি খবর এসেছে গণমাধ্যমে।খবরে বলা হয়েছে, দণ্ড কার্যকরের চার বছর পর উদ্যোগ নেয়া হয়েছে আপিল শুনানির।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে করা আপিলটি শুনানির জন্য প্রস্তুত হলে আইনজীবী স্বজনদের কাছ থেকে জানতে পারেন, চার বছর আগে ২০১৭ সালেই দণ্ড কার্যকর হয়ে গেছে।
মৃত্যুদণ্ড কার্যকর কখনোই আপিল শুনানি নিষ্পত্তির আগে সম্ভব নয়। সেটি কীভাবে হলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে বিস্ময়।
বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যথাযথ নিয়ম অনুযায়ী তাদের ফাঁসি হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। কোনো আপিল পেন্ডিং ছিল বলে আমাদের জানা নেই। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমাদের সিস্টেমের কোনো ব্যত্যয় হয়নি।
