বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত হতে বললো
সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনের জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’ এর উদ্বোধনে উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ফখরুল বলেন, বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না।
আমরা হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি আমরাও মুক্ত হতে পারব না।সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহবান জানাচ্ছি।
ফখরুল বলেন, আমাদেরকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দি্য়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে।
তাদেরকে বাধ্য করতে হবে যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে।
তিনি বলেন, এখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমরা ১০/১২ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের ৫শ’র বেশি ভাই গুম হয়ে গেছে, আমাদের হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে, আমাদের অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে…। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন তাদেরকে জেগে উঠতে হবে। পরিবর্তনে আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও তাদের সাহসিকতার মধ্য দিয়ে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও খিলগাঁও থানা সভাপতি ইউনুস মৃধার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ইউসুফ বিন জলিল কালু, আবদুল মানায়েম মুন্না, মাসুদ আহমেদ মিলন, গোলাম হোসেন, জামিলুর রহমান নয়ন, মাহবুবুল আলম বাদল, এনামুল হক এনাম, আল-আমীন প্রমুখ।
