নৌপথে যাতায়াত সহজ রাখতে ড্রেজিং অব্যাহত থাকবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের নৌপথে যাতায়াত সহজ রাখতে প্রয়োজনীয় ড্রেজিং অব্যাহত থাকবে। নদী তীর ভাঙ্গণরোধে এবং নদীর প্রবাহ ঠিক রাখতে নৌপথ ড্রেজিংয়ের কাজ অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) পটুয়াখালী নদী বন্দর ও গলাচিপা উপজেলার বগা লঞ্চঘাট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। আজ সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে বিআইডব্লিউটিএর পরিদর্শী জাহাজযোগে নৌপথে পটুয়াখালীতে পৌঁছেন।
এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এস এম শাহাজাদা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. দেলোয়ার হোসেন ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে বগা লঞ্চঘাট পরিদর্শন করেন। ঘাটটি ১৯৭৫ সালে চালু হয়। ঘাটটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের লৌহালিয়া নদীর তীরে অবস্থিত। যাত্রী সাধারণের বিশ্রামের জন্য এখানে একটি যাত্রী ছাউনি এবং যাত্রী সাধারণের লঞ্চে উঠানামার জন্য দু’টি পন্টুন ও দু’টি গ্যাংওয়ে রয়েছে। প্রতিদিন এ ঘাট দিয়ে তিনটি ডাবল ডেকার ও দু’টি একতলা লঞ্চ চলাচল করে। ঢাকা-বগা নৌপথের দূরত্ব ২৩৮ কিলোমিটার।
