শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ
দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানী ঢাকায় ফিরছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে ঢাকামুখী মানুষের চাপ দেখা দিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। গত শনিবার সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায়। রোববার সকাল থেকেও দেখা যাচ্ছে যাত্রীদের চাপ।
রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ফেরিতে শতশত ঢাকামুখী যাত্রী বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে জড়ো হচ্ছে। এরপর ছোট ছোট যানবাহনে করে রাজধানীর দিকে রওনা হচ্ছে ।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে বর্তমানে ১২টি ফেরি চালু রয়েছে বলে জানিয়েছে শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ। স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, শিমুলিয়ায় ঘাটে গাড়ির চাপ নেই আছে যাত্রীর চাপ। তবে বাংলাবাজার ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। আগে পাঁচটি ফেরি দিয়ে পারপারের ব্যবস্থা করা হয়েছিল।
গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়ে বর্তমানে ১২ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাওয়া ট্রাফিক টি আই হেলাল জানান, সকাল থেকে ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে।
