বন্দুকযুদ্ধের ভয় দেখিয়ে চাঁদা আদায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের শিবচরে বন্দুকযুদ্ধে হত্যার ভয় দেখিয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী।
সুজন শেখ নামে ওই ব্যবসায়ী বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাঈদুর রহমানের আদালতে মামলাটি করেন।
এতে তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন : দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহাবুব ও কনস্টেবল সোহাগ এবং শিবচরের সূর্যনগর এলাকার টুম্পা টেলিকম অ্যান্ড মোবাইল কর্নারের স্বত্বাধিকারী টোকান বেপারি।
সুজন শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাড়ইভাংগা গ্রামের আব্দুল হকের ছেলে।
এজাহারে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে পদ্মা সেতু ভ্রমণ করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে শিবচরের সূর্যনগর এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশের এক দোকানে চা পান করছিলেন।
এ সময় সাদা পোশাকে থাকা দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহাবুব ও কনস্টেবল সোহাগ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান।
সুজন কাগজপত্র দেখালে তা সঠিক নয় জানিয়ে ওই দুই পুলিশ সদস্য এটি চোরাই মোটরসাইকেল দাবি করেন। পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।
সুজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুজনকে ক্রসফায়ারের ভয় দেখান মাহাবুব ও সোহাগ। পরে পাশের টোকান বেপারির দোকানে নিয়ে মোবাইল থেকে বেশ কয়েকটি মেসেজের মাধ্যমে তার বিকাশ হিসাব থেকে এক লাখ ১০ হাজার টাকা তুলে নেন ওই দুই পুলিশ সদস্য। এ ঘটনা কাউকে যেন না বলে জানিয়ে সুজনকে ছেড়ে দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়েছে, এ ঘটনায় ওইদিনই শিবচর থানায় মামলা করতে যান তিনি।
থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো পরামর্শ না দিয়ে তাকে চলে যেতে বলেন। বৃহস্পতিবার তিনি আদালতের দ্বারস্থ হন।
সুজন শেখ বলেন, কোনো কারণ ছাড়াই মোবাইল থেকে বিকাশের মাধ্যমে নগদ এক লাখ ১০ হাজার টাকা তুলে নেয় ওই দুই পুলিশ সদস্য।
যার প্রমাণ আদালতে দেওয়া হয়েছে। তারা ক্রসফায়ারের ভয় দেখিয়ে এই টাকা নিয়েছে।
এ বিষয়ে জানতে ওই দুই পুলিশ সদস্যের মোবাইলে বৃহস্পতিবার বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদুল হক বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে আমাদের তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্যের ভুল বোঝাবুঝি হয়েছে।
এ কারণে ওই ব্যবসায়ী আদালতে মামলা করেছেন। আমাদের বড় অফিসাররা রয়েছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত দায় বাংলাদেশ পুলিশ নেবে না। মামলার কপি হাতে পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
