আল জাজিরা বন্ধে রিট: হাইকোর্ট অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন
চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং সম্প্রতি করা বিতর্কিত প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) মতামত শুনানির জন্য হাইকোর্টে করা রিটের দিন ধার্য রয়েছে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি)।
এদিন বেলা ১১টায় অ্যামিকাস কিউরির মতামত শুনানি করবেন আদালত। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই শুনানি হবে।
শুনানি চলাকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করে আদালত বলেছেন, আল-জাজিরার প্রতিবেদনটি বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছেন।
আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্ধুর রাখা হচ্ছে, বিটিআরসি এতদিন কী করল? এখন এগুলো বন্ধ করা না করা সমান।
৬ অ্যামিকাস কিউরি হলেন- এজে মোহাম্মদ আলী, কামালুল আলম, আবদুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগী।
এর আগে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত শুনতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছিলেন হাইকোর্ট।
সেই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা টিভিতে “অল দ্য প্রাইম মিনিস্টার’র মেন” (ALL THE PRIME MINISTER’S MEN) শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার হয়।
বাংলাদেশ সরকার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘ভিত্তিহীন ও অপপ্রচারমূলক’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতিতেও প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
