পাকিস্তান সামরিক মহড়ায় রাশিয়া, ন্যাটো
আরব সাগরে ৪৫টি দেশের নৌ-বাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক ন্যাটো অংশগ্রহণ করছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘শান্তির জন্য একসঙ্গে’ স্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
এটি চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো জলদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
পাকিস্তানের নৌ-বাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌ-বাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া। তাই এটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।
সর্বশেষ ২০১১ সালে স্পেন উপকূলে বোল্ড মনার্চ নামের একটি যৌথ মহড়ায় রাশিয়া ও ন্যাটোর নৌ-বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে।
