কারাবাসের তিন বছর, লন্ডন যেতে চান খালেদা, সরকারের দুই শর্ত
বিএনপির চেয়ারাপরসন বেগম খালেদা জিয়ার কারাবাসের তিন বছর পূর্তি হলো সোমবার (৮ ফেব্রুয়ারি)।এ উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশে সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২৫ মাস জেল খাটার পর গত বছরের ২৫ মার্চ জামিন পান। দুই মেয়াদে জামিনের মেয়াদ বাড়ানোর পর গত বছরের ২৪ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত করা হয়। এবার ছয় মাসের সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পথে।বর্তমানে গুলশানের নিজ বাসায় রয়েছেন খালেদা জিয়া।
এদিকে প্যারোলে মুক্ত হয়ে লন্ডনে চিকিৎসার জন্য যেতে চান খালেদা জিয়া। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে যেতে দেয়ার ব্যাপারে সরকারের উচ্চ মহলও বেশ ইতিবাচক বলে জানা গেছে।
চলতি সপ্তাহেই পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হবে দলটির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
তবে খালেদার বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরাসরি রাজনীতি থেকে অবসরের কথা না বললেও সরকারের পক্ষ থেকে দুটি শর্তের কথা জানানো হয়েছে।
প্রথমত, লন্ডনে গিয়েও চিকিৎসার প্রয়োজন ছাড়া প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন না তিনি। গুলশানে যেভাবে বাস করছেন লন্ডনে ঠিক তেমনি থাকবেন।
দ্বিতীয়ত, বিদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ থেকে বিরত থাকবেন। লন্ডনে থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দেয়া ও সভা-সমাবেশে যোগদান থেকে বিরত থাকা এবং নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এক্ষেত্রে খালেদার পরিবার চায় শর্ত মেনেই চিকিৎসার জন্য লন্ডনে যাবেন তিনি। তবে খালেদা জিয়া চান শর্ত ছাড়াই লন্ডন যেতে।
এবিষয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘জামিনের পরে তিনি এখন পর্যন্ত কোনো শর্ত ভঙ্গ করেননি। তাই এ ব্যাপারে সরকার কঠোর হবে না। তার বিদেশে চিকিৎসার প্রয়োজন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। চলাফেরাও করতে পারছেন না। মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন তো করতেই হবে। তবে কখন করব সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।’
সূত্র-পিপিবিডি
