যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণের বাইরে করোনা : ট্রাম্প
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পাঁচ মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত দেশটিতে ভাইরাসটি স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি।
প্রাণঘাতি এই ভাইরাসে দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। মোট আক্রান্তের সংখ্যা চার হাজার একশ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ৭৪জন।
আক্রান্তের দিক দিয়ে ওয়াশিংটন স্টেটকে ছাড়িয়ে গেছে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক। একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। করোনা আতঙ্ক এখন বাংলাদেশিসহ সব কমিউনিটির ঘরে ঘরে। কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।
এ অবস্থায় ১০ জনের বেশি এক সঙ্গে না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে হোয়াইট হাইজ থেকে। আতঙ্কে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, মেরিল্যান্ডে সব কিছু বন্ধ করে দেয়া হচ্ছে।
পুরো গ্রীষ্ম জুড়ে স্থায়ী হতে পারে করোনা ভাইরাস : পুরো গ্রীষ্ম জুড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। সোমবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যেটা সংক্রমক। এটি পুরো গ্রীষ্ম অথবা এর চেয়ে বেশি সময় পর্যন্তও স্থায়ী হতে পারে। এসময় ট্রাম্প আগামী ১৫ দিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের রেস্টুরেন্ট, পানশালা এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪,২০০ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৪ জনের। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গ্রীষ্মের গরমেই শেষ হয়ে যাবে করোনা ভাইরাস। তবে ভাইরাসটির ভয়াবহতা দেখে নিজের আগের কথা থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোনালীনিউজ/এমটিআই
