বিয়ে করতে এসেই গ্রেফতার মুসলিম যুবক, মেয়েটির কান্নায় হতবাক কোর্ট চত্বর
আদালতে ভিন্ন ধর্মের এক তরুণীকে বিয়ে করতে এসেছিলেন এক মুসলিম যুবক। কিন্তু আদালতে ঢোকার আগেই তাকে গ্রেফতার করে আলিগড় পুলিশ।
যুবকটিকে একরকম টেনেহিঁচড়ে মেয়েটির থেকে আলাদা করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ সময়ে দুই নারী পুলিশের হাতে আটক পাত্রীটি চিৎকার করে কান্না করে বলতে থাকেন, ‘আমি নাবালিকা নই। ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, ওকে আমি ভালবাসি, ও আমার প্রাণ।’
কোর্ট চত্বরে দাঁড়িয়ে থাকা জনতা পুলিশের ভূমিকায় হতবাক হয়ে যায়।
এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই মেয়েটির একটি ছবি। যেখানে তিনি কান্না করছেন আর পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে।
এই ঘটনা সামনে আসে এক ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের করা টুইটে।
তার টুইট করা ভিডিওতেই পাত্রী মেয়েটির করুণ চিৎকারের দৃশ্য ধরা পড়েছে। দেরি না করে আসরে নেমে পড়েছে আলিগড় পুলিশ।
সাংবাদিকের টুইটারের জবাবে আর একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাদের পক্ষ থেকে।
সেই ভিডিওতে আলিগড় সিভিল লাইন সার্কল অফিসার অনিল সামানিয়া জানাচ্ছেন, চণ্ডীগড় থেকে ওই যুবতীকে নিয়ে পালিয়েছে মুসলিম যুবক।
এ বিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে তাই চণ্ডীগড়ের পুলিশ তদন্ত করতে আলিগড় আসছে।
এও জানানো হয়েছে যুবকটি চণ্ডীগড়ে এক কাপড়ের দোকানে কাজকরেন।
এই মুহূর্তে বিজেপি-শাসিত রাজ্যগুলো, বিশেষ করে উত্তরপ্রদেশে ভিন্ন ধর্মে বিয়ে এবং ধর্ম-পরিবর্তন রোধে ব্যাপক সক্রিয় হয়েছে প্রশাসন।
শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম-পরিবর্তন করলে তাকে বৈধ মানা হবে না, উপরন্তু শাস্তি হবে।
