নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে মোদিকে চিঠি মমতার
বাঙালির আবেগকে উস্কে দিয়ে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায়।
একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন।
চিঠিতে মমতা লিখেছেন দুহাজার বাইশ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী। একুশ থেকেই এ ব্যাপারে প্রস্তুতি শুরু হবে।
তাই, অবিলম্বে তেইশ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হোক।
মমতা এ ছাড়াও লিখেছেন যে নেতাজিকে কেন্দ্র করে জাতির আবেগ আবর্তিত হয়।
তাঁর অন্তর্ধান এখনো রহস্যে মোড়া। পশ্চিমবঙ্গ সরকার কয়েকবছর আগে এই অন্তর্ধান সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছে।
কেন্দ্র এবার এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক। তথ্যভিজ্ঞ মহল এই সময়ে মমতার এই চিঠি লেখাকে রাজনৈতিক ইস্যু বলে মনে করছেন।
তাঁদের ধারণা বঙ্গ ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাঙালির সেন্টিমেন্টের কার্ড খেললেন মমতা।
