ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ইভিএমে ভোটগ্রহণ শুরু : ভোট দিলেন বিএনপি প্রার্থী
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ছয়টি দল।
আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।
এর আগে এ দুই আসনে ভোটের দিন শুধু নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি সব অফিস খোলা থাকবে।
তবে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘নিয়মতান্ত্রিক ও সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। নির্বাচনী এলাকায় সহিংসতা এড়াতে তারা টহল দিচ্ছে।’
নির্বাচন কমিশনার কবিতা খানম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনে সব ধরনের সহিংসতা এড়াতে আমরা পদক্ষেপ নিয়েছি। এই ভোট নিয়ে অন্য সময়ের চেয়ে ভোটারদের আগ্রহও বেশি দেখা যাচ্ছে।
সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও প্রস্তুত রাখা হয়েছে। ভোটে অনিয়ম করার চেষ্টা করলে যখন-তখন ব্যবস্থা নেওয়া হবে। সেভাবেই আমরা নির্দেশনা দিয়েছি।’
ইসি সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত।
মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।
এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী।
এঁরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিবুল্লাহ বাহার।
অপরদিকে সিরাজগঞ্জ-১ আসন গঠিত কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে গত ২৮ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি। সাংবিধানিক বাধ্যবাধকতায় এ আসন দুটিতে উপনির্বাচন হচ্ছে।
